সারাদেশে ১৮ দলের আধা বেলা হরতাল আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০৪
দুইদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিরোধী জোট। গত মঙ্গলবার হরতাল পালন শেষে সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর এটা বিএনপি-জামায়াত জোটের ১৬তম হরতাল। গত সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার দুইটি মামলায় ফখরুলকে মহানগর হাকিম আদালতে হাজির করার পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। গত রবিবার ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা সিটি করপোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে পল্টন থানার মামলাটি করেন মো. আয়নাল নামের সিটি করপোরেশনের এক গাড়িচালক। এছাড়া রবিবারের অবরোধে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকায় ৩৮টি মামলা হয়। এর প্রায় সবকটিতেই মির্জা ফখরুলকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের প্রথমভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ওই মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে ছাড়া পান।