কুড়িগ্রামে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময়
কুড়িগ্রাম প্রতিনিধি \ নারী নির্যাতন, বাল্যবিবাহ বন্ধ ও যৌন হয়রানি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম এনজিও এসোসিয়েশনের আয়োজনে বুধবার কুড়িগ্রাম জেলা জজ আদালত সম্মেলনকক্ষে মতবিনিময় প্রধান অতিথি ছিলেন-চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সরকার।
সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব আব্রাহাম লিঙ্কন, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবা মণ্ডল প্রমুখ।
রাজীবপুরে শীতবস্ত্র বিতরণ
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ রাজীবপুর উপজেলায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর চর জীবিকায়ন-এর উদ্যোগে সংস্থার উপকার ভোগী ৮৭৭ জনের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান।
দাগনভূঞায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার ঐতিহ্যবাহী আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। এ বছর ভোটার রয়েছেন ১২শ’ ২১ জন, প্রার্থী ১১ জন, ১৩ ডিসেম্বরে নির্বাচিত হবে।
ময়মনসিংহে নারীর ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি \ তৃণমূল নারীদের রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং নারী জনপ্রতিনিধিদের আরো অধিক দায়িত্বশীল করার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে ময়মনসিংহে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সিরাজদিখানে আর্সেনিকোসিস রোগ নির্ণয়ে ওয়ার্কশপ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা \ বুধবার সিরাজদিখানে আর্সেনিকোসিস রোগ নির্ণয়, ব্যবস্থাপনা ও অবহিতকরণের উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রোগ্রামের আয়োজন করেন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডা: রাকেশ মণ্ডল।
এনায়েতপুরে জাকের সম্মেলন শুরু
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই দিনব্যাপী জাকের সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর স্মরণে এনায়েতপুর কেজির মোড়ে এ দুদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সমাবেশ। দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন হযরত খাজা কামালউদ্দিন (নুহু মিয়ার) অনুমতিক্রমে স্থানীয় ভক্ত জাকেরদের উদ্যোগে এই জাকের সমাবেশে মাওঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে টাঙ্গাইল প্যারাডাইস পাড়া দরবারের পীরজাদা মাওঃ মোঃ সৈয়দ আব্দুল মালেক প্রধান বক্তা এবং ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওঃ মোঃ হাবিবুল্লাহ জিহাদী দ্বিতীয় বক্তা থাকবেন।
হোমনায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি
হোমনা সংবাদদাতা \ কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা গ্রামে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে ৫০ লাখ টাকার ক্ষতি ও আগুন নেভাতে গিয়ে ৩ জন আহত হয়েছে।
গ্রীস প্রবাসী আবুল বাসারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. হেলাল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল আহামেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বিরোধী দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও আলোচনাসভা করা হয়েছে। বুধবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর পৌর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড প্রেসক্লাব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়ায় গভর্ন্যান্স প্রজেক্ট শীর্ষক কর্মশালা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা \ ইউনিয়ন পরিষদকে অধিক দক্ষতা, কার্যকরী ও অধিক গতিশীল করার জন্য একনেক অনুমোদিত ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) শীর্ষক কর্মশালা গতকাল বুধবার উপজেলা সদরে শহীদ জোবায়েদ আলী মিলনাতনে আয়োজন করা হয়।
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। বক্তব্য রাখেন খুলনা জেলা প্রাশাসক মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোহাম্মাদ ইলিয়াস হোসেন, ভাইস চেয়ারম্যান রনজিত সরদার ও শোভারানী হালদার।
কুমিল্লায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে দেয়াল ধসে আবদুল আলীম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। নিমসার গ্রামের আবদুল ওহাব মাস্টারের বাড়ির একটি পুরনো ও ঝুঁকিপূর্ণ লোহার গেট অক্ষত অবস্থায় সরিয়ে অন্যত্র বসানোর কাজ করার সময় গেট ও দেয়াল ধসে নির্মাণ শ্রমিক আবদুল আলীমের (৪৫) ওপর পড়লে ঘটনাস্থলে সে মারা যায়। বাড়ির মালিক ওহাব মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
বরিশালে শীতবস্ত্র বিতরণ
বরিশাল অফিস \ বরিশাল হেলথ জানালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার রাতে শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের বিবিরপুকুর পাড়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সাংবদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত বাবলু।
চান্দিনায় আওয়ামী লীগের সম্মেলন
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এস মোজাম্মেল হক এমপি।
ধামরাইয়ে তিনটি রাস্তা উদ্বোধন
ধামরাই সংবাদদাতা \ সরকারের চলমান ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় উপজেলার সূতিপাড়া ইউনিয়নে গতকাল বুধবার তিনটি রাস্তা উদ্বোধন করেন স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা। রাস্তা তিনটি হলো সূতিপাড়া থেকে ঢাকা- আরিচা মহাসড়ক, নওগাঁও থেকে ভাটারখোলা এবং বাথুলী নদীর পাড় হতে দক্ষিণ বাথুলী। রাস্তাঘাট ছাড়াও তার সময়ে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান এবং উপসনালয়ের উন্নয়ন হয়েছে।
কুলিয়ারচরে দোকান ভস্মীভূত
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বুধবার সকালে কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজারে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বাজারের ছাদেক হোসেনের ১টি কাপড়ের দোকান, বিল্লাল মিয়ার ১টি কেরোসিনের দোকান, কৃষ্ণ শীলের ১টি স্বর্ণের দোকান, বিল্লাল হোসেনের টিভি ও ফ্রিজ মেরামতের ১টি দোকান আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিকরগাছায় গুলি উদ্ধার
ঝিকরগাছা সংবাদদাতা\ বুধবার উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের একটি কবরস্থানে মাটিতে পোঁতা টিনভর্তি ২৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। একদল দিনমজুর বাঁশের মোথা খননকালে একটি টিনে পলিথিনে মোড়ানো গুলিগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, চাইনিজ রাইফেলের গুলিগুলো ব্যবহারের অনুপোযোগী।
আক্কেলপুরে চার জনের কারাদণ্ড
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের আক্কেলপুরে ইভটিজিং করার অপরাধে মঙ্গলবার এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে। অপরদিকে মাদক সেবনের অভিযোগে তিনজনকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে।
বীরগঞ্জে আওয়ামী লীগের কাউন্সিল
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বুধবার বীরগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়ার জাকার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
কলারোয়ায় সত্ মাকে পিটিয়ে হত্যা
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সত্ মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার বলিয়ানপুর গ্রামে। নিহত ছবিরন বিবি (৬০) বলিয়ানপুর গ্রামের আব্দুর করিমের প্রথম স্ত্রী। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সত্ ছেলেরা তার মাকে পিটিয়ে হত্যা করেছে। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মাজেদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে।
ভালুকায় বিএনপির নেতাকর্মীর নামে মামলা
ভালুকা সংবাদদাতা \ হরতালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধার অভিযোগে ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, পৌর যুবদল সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঁচবিবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালন
পাঁচবিবি সংবাদদাতা \ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা এসডিএস হল রুমে অনুষ্ঠিত হয়। মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টা ও উপজেলা চেঞ্চ মেকার এ্যালায়েন্স জোট পাঁচবিবির আয়োজনে বিশ্ব মানবাধিবার দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই।
ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
ভালুকা সংবাদদাতা \ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী রাসেল স্পিনিং মিলের সামনে গতকাল বুধবার সকালে অটো সিএনজি চাপায় রেনুজা (৪০) নামে এক মিল শ্রমিক আহত হয়ে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
