শ্যাভেজের সফল অস্ত্রোপচার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩১
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের শরীরে ক্যান্সারের সফল অস্ত্রোপচার করেছেন চিকিত্সকরা। মঙ্গলবার কিউবার একটি হাসপাতালে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তার জটিল অস্ত্রোপচার চলে বলে জানিয়েছেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর বিবিসি ও রয়টার্সের। মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে ভাইস প্রেসিডেন্ট মাদুরো জানান, শ্যাভেজের অস্ত্রোপচার জটিল হলেও তা সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার পরবর্তী চিকিত্সা বেশ কিছুদিন চলবে বলে জানিয়েছেন তিনি। এ সময় ভেনিজুয়েলার জনগণকে তাদের শুভকামনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। সরকারের মন্ত্রীরা এ সময় মাদুরোর সঙ্গে ছিলেন। অস্ত্রোপচারের আগে হাভানায় শ্যাভেজের সঙ্গে সাক্ষাত্ করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। পরে সাংবাদিকদের কাছে কোরেয়া বলেন, শ্যাভেজ তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গত শুক্রবার ক্যান্সারের চিকিত্সা শেষে কিউবা থেকে দেশে ফিরে যান শ্যাভেজ। এর দুই দিন পর গত সোমবার জাতীয় পরিষদের অনুমতি সাপেক্ষে তিনি আবার চিকিত্সার জন্য কিউবায় যান। কিউবা যাওয়ার আগে গত শনিবার এক ভাষণে নিজের শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন বলে মন্তব্য করে প্রথমবারের মতো তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম ঘোষণা করেন শ্যাভেজ। তবে এর বিরোধিতা করেছে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের মজুদ থাকা দেশটির বিরোধী দল। কোনো কারণে শ্যাভেজকে পদত্যাগ করতে হলে এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পরবর্তী নেতা নির্বাচিত করার দাবি জানিয়েছেন তারা। ২০১১ সালের জুন মাসে একটি অস্ত্রোপচারের সময় প্রথম শ্যাভেজের দেহে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার নিরাময়ে এ পর্যন্ত তার দেহে মোট চারবার অস্ত্রোপচার হয়েছে।