ঢাবির ডিন নির্বাচন

নীল দল সাত, সাদা দল তিন অনুষদে জয়ী

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ এবং বামদল সমর্থিত নীল দল। বিশ্ববিদ্যালয়ের দশটি অনুষদের ডিন নির্বাচনে নীল দল সাতটি এবং বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল তিনটি অনুষদে বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশন জানায়, গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, কলা অনুষদে ১২১ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে সাদা দলের আহবায়ক এবং ইংরেজী বিভাগের অধ্যাপক সদরুল আমিন। তার বিপরীতে মাত্র এক ভোটের ব্যবধানে হেরেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান। নীল দল থেকে মনোনীত প্রার্থীদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (১২২ ভোট), বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা (৬৫ ভোট), ব্যবসায় শিক্ষা অনুষদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮০), জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ইমদাদুল হক (৮৪ ভোট), আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ডিজাস্টার সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল (৩৪), ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে অধ্যাপক মো. সেকুল ইসলাম (৩৫), চারুকলা অনুষদে প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী (৪৩ ভোট) ডিন নির্বাচিত হয়েছেন। সাদা দল মনোনীত বিজয়ী প্রার্থীদের মধ্যে ফার্মেসী অনুষদে ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম (২৩ ভোট) এবং আইন অনুষদে অধ্যাপক তাসলিমা মনসুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. কামালউদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। দশটি অনুষদে ভোটার ছিল এক হাজার ১৫২ জন। ভোট দিয়েছেন এক হাজার ৯৪ জন।