ঠাকুরগাঁও জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল দুপুর ১২টায় শেষ হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল চলাকালে যানচলাচল ও দোকাপাট বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টায় জেলা যুবদল চৌরাস্তা মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে। হরতাল চলাকালে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে তার নিজ জেলায় বিএনপি এই হরতালের ডাক দেয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির এক সভা শেষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক তৈমুর রহমান আধাবেলা হরতালের ঘোষণা দেন। এ নিয়ে স্থানীয়ভাবে দ্বিতীয় দিনের মতো হরতাল দেয়া হয়।
