হরতালের আগে চার গাড়িতে আগুন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন গতকাল বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোড ও মহাখালীতে দুইটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি ট্যাক্সি ক্যাব জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিন যুবক ওই ট্যাক্সি ক্যাবটি ভাড়া করে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের কাছে এসে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এছাড়া সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাখালীতে সেতু ভবনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল হাসেম জানান, বনানী থেকে মিরপুর ১৪নং রুটে চলাচলকারী একটি বাসে সন্ধ্যা সোয়া ৬টায় আগুন দেয় দুষ্কৃতকারীরা। স্থানীয় জনগণ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান আবুল হাশেম। অন্যদিকে গাজীপুরে আরেকটি যাত্রীবাহী বাসে এবং সিদ্ধিরগঞ্জেও একটি ট্রাকে আগুন দেয় সন্ত্রাসীরা। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ সিএনজি অটোরিকশা চালককে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার আহূত হরতালেও ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে নই। তবে কেউ যদি সন্ত্রাস করে এবং ফৌজদারি আইন ভঙ্গ করে, তাহলে রাজধানীতে বসবাসকারী নাগরিকদের সঙ্গে নিয়ে কঠোরভাবে তাদের প্রতিহত করা হবে।