চার দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০১২ আজ বৃহস্পতিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো এ মেলা হচ্ছে। তবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আগামীকাল শুক্রবার বেলা ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ আটটি দেশ অংশ নিচ্ছে। থাকবে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কোরিয়া, চীন, সুইজারল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনামের ২২টিসহ ১৮৯টি স্টল। মেলায় কৃষি-যন্ত্রপাতি প্রদর্শিত হবে। মেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
এদিকে পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশন (প্রাঃ) লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার সামগ্রিক দিক তুলে ধরতে গতকাল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন মেলার সার্বিক বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় একাডেমির পরিচালক জাকারিয়া ও মাহমুদ হোসেন এবং লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশন (প্রাঃ) লিমিটেডের প্রতিনিধি মি. জাভেদ উপস্থিত ছিলেন।
