স্কুল কমিটি গঠিত হয় কী কারণে?

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১৪
নোয়াখালী জেলার বেগমগঞ্জের কাজিরহাট শহীদ আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসির ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা ধরা পড়ার খবর বেরিয়েছে পত্রিকায়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ইউএনও খন্দকার নূরুল হক অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ঝটিকা অভিযান চালিয়ে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা প্রত্যক্ষ করে ধার্য করা টাকার তালিকা উদ্ধার করেন। শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত একজন পরীক্ষার্থীর জন্য ১২১০ টাকা ফরম পূরণের ফিস নির্ধারণ করা হলেও স্কুল কমিটি ৬,০৫০ টাকা পর্যন্ত আদায় করেছেন। এমন ঘটনা গত কয়েক বছর ধরেই হয়ে আসছে। নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য স্কুল কমিটি গরিব শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। প্রসঙ্গত এসএসসি টেস্ট পরীক্ষায় প্রায় ২৩০ জন শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে মাত্র ৩২ জন উত্তীর্ণ হয়। অকৃতকার্যরা জরিমানাসহ বর্ধিত ফি দিয়ে এসএসসির ফরম পূরণ করে। সঙ্গতকারণেই প্রশ্ন—স্কুল কমিটি কি গঠিত হয় শিক্ষার উন্নয়নের স্বার্থে না কমিটির সদস্যদের ভাগ্যোন্নয়নের জন্য? বিষয়টির প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মুক্তা হক, বেগমগঞ্জ, নোয়াখালী।