হরতালের মধ্য দিয়েই গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের লেনদেন ও সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার বেশিরভাগ ব্রোকারেজ হাউজ লগইন করায় সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে সূচক যোগ হয় ২৫ পয়েন্ট।
গতকাল ডিএসইতে মোট ২৫৮টি কোম্পানির ৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৫৫০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১৭৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ৫৭৪ টাকা। যা আগের দিনের চেয়ে ২৩ কোটি ০৬ লাখ টাকা কম।
ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৮ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪০২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, ইউসিবিএল, এনবিএল, যমুনা ব্যাংক লিঃ, ওয়ান ব্যাংক লিঃ, বিএসসিসিএল ও প্রিমিয়ার ব্যাংক। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, ইবিএল এনআরবি মি.ফা., যমুনা ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক, পূরবী জেনারেল ও এফবিএফআইএফ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ৭ম আইসিবি, আইসিবি ৩য় এনআরবি, এইমস ১ম মি.ফা., আইসিবি ২য় এনআরবি, আরামিট, গ্রামীণ ১, জেনারেশন নেক্সট, পাইওনিয়ার্স ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা মি. ফা. ও ইস্টল্যান্ড ইন্স্যুঃ।
