এখন থেকে অনলাইনের মাধ্যমেও বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড (বিজিটিবি) ও ট্রেজারি বিল ক্রয় বিক্রয় করা যাবে। বন্ড ও বিলের দ্বিতীয় স্তর বাজার সম্প্রসারণ, বাজার ভিত্তিক দর উদ্ভাবন ও ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে সব শ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহজ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সকল তফসীলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ড ও বিল ক্রয় বিক্রয়ের জন্য ওভার দি কাউন্টার (ওটিসি) ট্রেডের পাশাপাশি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ট্রেডার ওয়ার্ক স্টেশন (টিডাব্লিউএস) পরিচালনা করা হবে। এজন্য সরকারি সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের যোগ্যতা, দায়-দায়িত্ব, কার্যপদ্ধতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিধি-বিধানও দিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান টিডাব্লিউএসের মাধ্যমে বন্ড ও বিল কিনতে পারবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
