রাজশাহীতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের আসবাবপত্র ক্রোক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১১
আদালতের আদেশ অমান্য করার দায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের আসবাবপত্র ক্রোক করা হয়েছে। রাজশাহী জেলা জজ আদালতের নেজারত শাখার জারিকারক সোমবার ক্রোকের আদেশ নিয়ে শিক্ষা বোর্ডে পৌঁছান। তখন আদালতের আদেশ ঠেকাতে নানা তত্পরতা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের সকল তত্পরতা ব্যর্থ করে দিয়ে কিছু আসবাবপত্র ক্রোকের মাধ্যমে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হয়। কিন্তু ওইসব আসবাবপত্র নিতে না পারায় শিক্ষা বোর্ডের পক্ষে জিম্মাদার উপ-সচিবের জিম্মায় ক্রোক করা আসবাবপত্র রাখা হয়। এ সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, জনৈক রইস উদ্দিন নামের এক ব্যক্তি সার্টিফিকেটে নাম পরিবর্তন করে সাহাব-উদ্দিন আহমেদ করার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করেন। কিন্তু শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ তা না করায় রইস উদ্দিন সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেন। আদালত ২০১০ সালে ওই ব্যক্তির নাম সংশোধনের জন্য শিক্ষাবোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। আদালতের আদেশ কার্যকর না হলে বাদী আবারও একই আদালতে আরেকটি মামলা দায়ের করেন। গত ২৭ নভেম্বর রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালত রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের মালামাল ক্রোকের আদেশ দেন।