সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের নামফলক ভেঙ্গে ফেলেছে কর্তৃপক্ষ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৫
প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পুরান জাদুঘর ভবন উদ্বোধনের নাম ফলক ভেঙ্গে ফেলেছে জাদুঘর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে কোন এক সময়ে সম্পূর্ণ গোপনীয় ভাবে এ উদ্বোধনী ফলকটি ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, ১৯৮০ সালে পুরান ভবন (বড় সর্দার বাড়িটিকে) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন(সোনারগাঁও জাদুঘর) হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্কালীন বিচারপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি এম.এ সাত্তার। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বর্তমান পরিচালক কবি রবীন্দ্র গোপ সম্পূর্ণ ব্যক্তিগত আগ্রহে নামফলকটি ভেঙ্গে সরিয়ে দিয়েছে। নামফলক ভেঙ্গে ফেলার ব্যাপারে স্থানীয় বিএনপি দলীয় সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মোঃ রেজাউল করিম বলেন, নামফলক ভেঙ্গে সরিয়ে ফেলার ঘটনা খুবই ন্যক্কারজনক। যদি কর্তৃপক্ষ পুনরায় এটি প্রতিস্থাপন করে তাহলে আমাদের কিছুই বলার নেই। আর যদি না করে তাহলে আমরা এ ব্যাপারে তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, বড় সর্দার বাড়ি (পুরান সর্দার বাড়ি)র রেস্টুরেশন কাজের সুবিধার্থে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। কাজ শেষে পুনরায় ওই স্থানে প্রতিস্থাপন করা হবে। তিনি আরো বলেন, কোরিয়ান সংস্থার তত্ত্বাবধানে পুরান জাদুঘর রেস্টুরেশন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে আজ ১৪ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায়। ভিত্তি প্রস্তরের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও কোরিয়াসহ বিভিন্ন দেশের রাষ্টদূতবৃন্দ।