স্বরূপকাঠির ছয় মুক্তিযোদ্ধা ৪১ বছরেও ফেরেনি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৭
বিজয়ের মাস ডিসেম্বর। দেশের অন্যান্য স্থানের ন্যায় স্বরূপকাঠিরও অগণিত ছাত্র, যুবক, জনতা মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক মুক্তিযোদ্ধা বিজয়ীর বেশে বাড়ি ফিরে আসেন। অনেকে শহীদ হলেও তাদের আত্মীয়-স্বজনরা তাদের সন্ধান পেয়েছেন। কিন্তু স্বাধীনতার ৪১ বছর পেরিয়ে গেলেও উপজেলার দ. সোহাগদল গ্রামের এস এম শাহ আলম সরদার (২২), মো. সোহরাব আলী (২০), মো. আইয়ুব আলী (১৯), আব্দুল হাই (১৯), মো. মাকসুদুর রহমান (২১) ও গনমান গ্রামের জহর আলী (৩৫) আজো ফিরে আসেননি। পারিবারিক সূত্র জানায়, এস এম শাহ আলমের নেতৃত্বে অপর ৫ মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে যান। ঐ ৬ মুক্তিযোদ্ধার পিতা-মাতারা আমৃত্যু প্রহর গুনছেন স্বাধীন দেশে বীরের মতো তাদের সন্তানেরা ফিরে আসবে। দীর্ঘ কয়েক যুগ পরেও ঐ পরিবারগুলো খুঁজে পায়নি তাদের সন্তানদের মৃতদেহ, সন্ধান পায়নি কোন গণকবরের। স্বাধীনতাযুদ্ধে আত্মাহুতি দেয়া ঐ ৬ শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে এলাকাবাসী দক্ষিণ-পূর্ব সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে স্মৃতি নামফলক নির্মাণ করেন। শাহ আলমের ভাই এস এম জাহাংগীর হোসেন জানান, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েও শহীদ ৬ মুক্তিযোদ্ধার নাম কোন সরকারের আমলেই মুক্তিযোদ্ধাদের তালিকায় গেজেটভুক্ত হয়নি। তিনি আরো জানান, স্বাধীনতা সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন সেই মুক্তিকামী বীর সেনানীদের স্বপ্ন আজো বাস্তবায়িত হয়নি।