কাজীপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। এতে ঐ প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, গত ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে মজনু হাজীর বাড়ি পর্যন্ত নির্মাণাধীন কর্মসৃজন প্রকল্পটি দেখতে যান। এ সময় কর্তব্যরত শ্রমিকরা তাদের বকেয়া বিল না দেয়ার কারণ জানতে চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা পিআইওকে লাঞ্ছিত করে। এ ঘটনায় পিআইও আবুল কালাম আজাদ বাদী হয়ে কাজীপুর থানায় মামলা দায়ের করলে কাজীপুর থানার পুলিশ শ্রমিকদের গ্রেফতারের জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। ভয়ে শ্রমিকরা গত ২ দিন ধরে প্রকল্পের কাজ করতে যায়নি।
