রাজশাহীতে মতবিনিময় সভা

চরের ৬০ লাখ মানুষ খাদ্য ঝুঁকিতে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:২০
বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে রয়েছে নদীর চর। চর এলাকায় বসবাসকারী ৫৫ থেকে ৬০ লাখ মানুষ জীবনব্যাপী বহুবিধ ঝুঁকির মধ্যে বসবাস করে। চরের অধিকাংশ মানুষই হতদরিদ্র। চরে বসবাসকারী মানুষ চরম খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকিতে বসবাস করছে। বুধবার রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ‘নদী ও জীবন’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় বেসরকারি সংস্থা ‘উন্নয়ন সমন্বয়ে’র কো-অর্ডিনেটর জাহিদ রহমান, সমতা নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, কনসার্নের প্রজেক্ট কো-অর্ডিনেটর সিদ্দিক আলী, উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটির ফোকাল পার্সন ও ম্যানেজার আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় বলা হয়, বেশিরভাগ চরই ভয়ানক দুর্যোগপ্রবণ। অবিরাম নদীভাঙ্গন, আকস্মিক বন্যা, খরা, বালুঝড়, ঘূর্ণিঝড় যেন চরবাসীর নিয়তি। চরাঞ্চলে বসবাসকারী শতকরা ৯৮ ভাগ মানুষই নদী ভাঙ্গনের শিকার। তারা স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ কোন সুবিধাই সময়মতো পায় না।