সম্প্রতি ফার্নান্দো তোরেসের দুর্দান্ত ফর্মে ইংল্যান্ডের ক্লাব চেলসিও উড়ছে। গতকাল বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামায় ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের চ্যাম্পিয়ন চেলসি মেক্সিকোর কনকাকাফ চ্যাম্পিয়ন মন্টেরেকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
আগামী ১৬ ডিসেম্বর ইয়োকোহামায় ফাইনালে ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাব করিন্থিয়ান্সের মুখোমুখি হবে চেলসি।
ইংল্যান্ডের দলটি এবং অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজের জন্য ফাইনাল ম্যাচটি চাপের হতে পারে, কারণ করিন্থিয়ান্স বেশ কঠিন প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েও চেলসি চলতি মৌসুমে নকআউট পর্বে যাওয়ার আগেই বিদায় নেয়।
জুয়ান মাতা দারুণ ছন্দে বক্সে প্রবেশ করে ১৭ মিনিটে চেলসিকে গোল এনে দেন। মাতার বাঁ-পায়ের গোলটি অ্যাসলে কোলের লো পাসিং থেকে এসেছে আর বলটি কোল পেয়ে যান অস্কারের ব্যাক হিল থেকে। স্পেনের তোরেস বিরতির পরের ২০ সেকেন্ডেই আরো একটি গোল এনে দেন চেলসিকে (২-০)। তিন ম্যাচে এটা তোরেসের পঞ্চম গোল।
চেলসির মাতার ক্রস মন্টেরের ডারভিন শাভেজের মাধ্যমে নিজের জালে বল জড়িয়ে যায় ৪৮ মিনিটে। চেলসি ৩-০ গোলে এগিয়ে যায়। মন্টেরে সান্ত্বনাসূচক গোলটি পায় শেষ সময়ে। মন্টেরের আলডো ডি নিগ্রিস গোলটি করেন।
তৃতীয় স্থান অধিকারের লড়াইয়ে অবতীর্ণ হবে আল আহলি ও মন্টেরে। ১৬ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। বার্সেলোনা এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু তারা গতবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে ব্যর্থ হওয়ায় এবার এই টুর্নামেন্টে নেই। আগের পাঁচ ক্লাব বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়ন দল ইউরোপের। বার্সেলোনা ২০০৯ ও ২০১১ সালে এবং ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেড ২০০৮ সালে জয় করে এই ট্রফি।
