নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুল আলম নামে এক ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী নিহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে নওগাঁ-সান্তাহার রোডে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল আলম নওগাঁর মহাদেবপুর উপজেলার বড়মহেষপুর গ্রামের আজগর আলীর ছেলে এবং জয়পুরহাট জেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।
নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বলেন, মাহবুল আলম পরিবার নিয়ে শহরের পার-নওগাঁয় ভাড়া থাকতেন। শনিবার রাতে সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য ফায়ার সার্ভিস স্টেশনে আসেন। যাওয়ার পথে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহতাবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহবুল আলম মারা যান।
