দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:২৯
বরযাত্রীদের বাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসাবো প্রান্তে নামার সময় চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় আনোয়ার হোসেন ও শহীদুল আলম দীপু নামে দুই যুবক নিহত হন। দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে রাজধানীর উত্তর মুগদার মদিনাবাগে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আনোয়ার হোসেনের আরেক বন্ধু রিয়াদ জানান, বুধবার রাত ৯টার দিকে উত্তর মুগদায় তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান মান্ডা হায়দার আলী স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১১টার দিকে বর-কনে যাত্রী রামপুরার উদ্দেশ্যে রওনা দেয়। ঐ সময় আনোয়ার তার মোটরসাইকেলে দীপু ও রানাকে সঙ্গে নিয়ে বর-কনের গাড়ির পিছনে রওনা দেয়। রাত সোয়া ১২টার দিকে তারা রামপুরা থেকে উত্তর মুগদার উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেলটি খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসাবো প্রান্তের দিকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে কংক্রিটের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ৩ জন ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় ৩ জনকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে আনোয়ার ও দীপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ২টার দিকে তাদের ২ জনকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। আনোয়ার ও দীপু উত্তর মুগদা স্থায়ী বাসিন্দা ছিলেন।