৩৩তম বিসিএস পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:২৯
আগামী ১৮ ডিসেম্বর বাম দলগুলোর ডাকা হরতালের কারণে ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানো হয়েছে। ওইদিনের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে আগামী ২৪ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বরের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং একই দিনের মেডিক্যাল সায়েন্স প্রথমপত্র ও ২৬ ডিসেম্বরের মেডিক্যাল সায়েন্স দ্বিতীয় পত্রের পরীক্ষা নেয়া হবে ৩০ ডিসেম্বর। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্র্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন সাংবাদিকদের জানান, ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ১৮ ডিসেম্বরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তবে ১৯, ২০ ও ২৩ ডিসেম্বরের পরীক্ষার সময়সূচি ঠিক থাকবে। প্রশ্ন ফাঁসের গুজবের কারণে স্থগিত করা এই বিসিএস পরীক্ষার পিএসসির পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, বিকেলে আন্তর্জাতিক বিষয়াবলী, ২০ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিষয়াবলি প্রথম পত্র ও বিকালে বাংলাদেশ বিষয়াবলী দ্বিতীয় পত্র, ২৩ ডিসেম্বর সকালে বাংলা এবং বিকালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির পরীক্ষা হবে। ১১ ডিসেম্বর প্রকাশিত আসনবিন্যাস ঠিকই থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে।