যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩০
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার পুনর্গঠিত হয়েছে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এবং ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসান ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান হয়েছেন। এছাড়া হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে ট্রাইব্যুনালে-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গোলাম আযমের মামলা মুলতবি একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মামলার কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল গোলাম আযমের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশে বলা ছিলো যে, গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহিল আমান আজমী ও তার আইনজীবী মিজানুল ইসলাম উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে পারলে সাক্ষ্য গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে। গতকাল গোলাম আযমের অপর আইনজীবী মো. মিজানুর রহমান ট্রাইব্যুনালকে জানান, হরতালের কারণে সাক্ষী আব্দুল্লাহিল আমান আজমী উপস্থিত নেই। আর অসুস্থ থাকায় আইনজীবী মিজানুল ইসলামও উপস্থিত হতে পারেননি। এ কারণে তিনি সময় চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার পর্যন্ত মুলতবি করেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ার-উল হকের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী একে এম হাবিবুল হক ওরফে মনু। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেয়া জবানবন্দিতে ফরিদপুরের কোতয়ালি থানার হাবিবুল হক জানান, মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকাররা তাকে ধরতে বাড়িতে আসে। জাহাঙ্গীর নামে একজন রাজাকার তার হাত ধরতে আসলে তাকে ধাক্কা মেরে বাড়ির পেছন দিক থেকে পালিয়ে যান তিনি। এ সময় জিপ গাড়িতে সম্ভবত মুজাহিদকে দেখেছিলেন বলে জানান। জবানবন্দি শেষে তাকে জেরা শুরু হয়। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।