গণতান্ত্রিক বাম মোর্চা সাত দফা দাবিতে আগামী মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করার জন্য আহ্বান জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়। সমাবেশে বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়-কারী জোনায়েদ সাকির সভাপতিত্ব করেন।
বক্তারা অভিযোগ করেন সকল অর্থেই দেশে আজ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। রাজনীতির নামে ছাত্রশিবির-ছাত্রদল তাণ্ডব চালাচ্ছে। ছাত্রলীগ মানুষ হত্যা করছে। এর পাশাপাশি বার বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। এতে করে জীবন যাত্রার ব্যয় বেড়ে চলেছে। বক্তারা আরো বলেন, দিনাজপুরের ফুলবাড়িতে জনগণের রায় উপেক্ষা করে উন্মুক্ত কয়লা খনি এবং সুন্দরবনকে ধ্বংস করে রামপালে বিদ্যুত্ কেন্দ স্থাপনের পাঁয়তারা হচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত)-এর সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ (মাহবুব)-এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসিন মিয়া, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী প্রমুখ।
