বিদেশে লবিস্ট নিয়োগ করে যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩১
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বাইরে অনেক পয়সা খরচ ও লবিস্ট নিয়োগ করে আর ভেতরে নৈরাজ্য করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। স্কাইপিতে বিচারকের কথোপকথন নিয়ে সৃষ্ট বিতর্ক ও বিচারকে প্রশ্নবিদ্ধ করার প্রশ্নই আসে না। জাতির দীর্ঘ প্রত্যাশিত এ বিচার আন্তর্জাতিক মানের, স্বচ্ছতা বজায় আছে। বাংলাদেশে এ ধরনের ট্রাইব্যুনাল এই প্রথম। তিনি বলেন, অন্য দেশের ট্রাইব্যুনালের তুলনায় আমাদের বিচার উন্নত মানের। জাতিসংঘের পরামর্শ নিয়ে এ বিচার সম্পন্ন হচ্ছে। তাই যাই ঘটুক, এ বিচার নিয়ে প্রশ্ন উঠার সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আজকাল ইন্টারনেটের প্রসারের ফলে অনেককিছু করা হয়। স্কাইপির আলোচনাও বেরিয়ে যায়। এতকিছু করেও এই বিজয়ের মাসে মানবতাবিরোধী অপরাধের বিচার ঠেকানো যাবে না। এক প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, ত্রাস, ধ্বংস আর সংঘাত করে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের অবস্থানের পরিবর্তন হবে না। বিরোধী দলের অন্য কোন রাজনৈতিক দাবি থাকলে আলাপ-আলোচনা হতে পারে। বিদেশি বন্ধুদের আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পরামর্শ থাকতে পারে।