অন্তর্বর্তী সরকার শুধু দৈনন্দিন কার্যাবলী চালাবে :নাসিম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩১
আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাধীন নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করবে আর অন্তর্বর্তীকালীন সরকার শুধু দেশের দৈনন্দিন কার্যাবলী চালাবে। নির্বাচনের সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। মহান বিজয় দিবস উত্সব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিজয়ের মাসে যারা হরতাল-অবরোধের নামে রাজপথে নৈরাজ্য সৃষ্টিসহ মানুষ হত্যা করে তারা ঘৃণিত স্বাধীনতা বিরোধী। এদেরকে ৭১’ এ বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন পরাজিত করা হয়েছে, তেমনি শেখ হাসিনার নেতৃত্বে তাদের বাংলার মাটি থেকে উত্পাটিত করা হবে। মোহাম্মদ নাসিম বলেন, মহাজোট আমলে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে। এদেশে ভোট কারচুপির নির্বাচনের অপসংস্কৃতিও চিরতরে বন্ধ হয়ে গেছে। তাই আমরা ২০১৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শামসুর রহমান শরীফ ডিলু এমপি, প্রফেসর মোঃ নুরুন্নবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুমন প্রমুখ।