সিরিয়ায় চলমান আন্দোলনে প্রেসিডেন্ট আসাদ সরকারের পতন হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বখদানোভ। তিনি বলেন, বিরোধীদের কাছে আসাদ সরকার যেভাবে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে তাতে সরকারের পরাজয়ের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। গতকাল বৃহস্পতিবার এই প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের অন্যতম প্রধান মিত্র রাশিয়ার সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এ ধরনের মন্তব্য করলেন। এদিকে সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বখদানোভ বলেন, সিরিয়া থেকে তার দেশের নাগরিকদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে রুশ সরকার। রাশিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি বখদানোভ বলেন, আমরা সিরিয়ার বিরোধীদের জয়ের বিষয়টি উড়িয়ে দিতে পারি না। তিনি আবারো সিরিয়ার দুই পক্ষকে সংলাপের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। এতে কেবল নিহত এবং আহতের সংখ্যা বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি একজন প্রেসিডেন্টকে সরাতে এভাবে জীবনের মূল্য দিতে হয় তাহলে আমাদের কি করার আছে? আমরা কেবল এটাকে ‘অগ্রহণযোগ্য’ বিবেচনা করতে পারি। বখদানোভ চরমপন্থিদের কাছে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমপ্রতি পশ্চিমা দেশগুলো জানায়, সরকারপন্থি বাহিনী বিরোধীদের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে। তবে সিরিয়া পরিস্থিতিতে রাশিয়া তাদের অবস্থান পরিবর্তন করছে না।
গাড়ি বোমায় নিহত ১৬: সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ২৫ কিলোমিটার দূরে কাতানা শহরে গাড়ি বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছে। সিরিয়ায় বিরোধী পক্ষের মানবাধিকার বিষয়ক প্রধান রামি আবদেল রহমান বলেন, কাতানার একটি আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর কাছে কয়েকটি সেনাক্যাম্প রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন হামলার ঘটনায় বিরোধী পক্ষকে অভিযুক্ত করেছে।
এছাড়া বুধবার সন্ধ্যায় দামেস্কের কাফার সুসে এলাকায় অবস্থিত সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রবেশ দ্বারের কাছে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা নিরাপদে ছিলেন বলে জানা গেছে।
