সুপারভাইজারকে মারধর

পটুয়াখালী-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
পটুয়াখালী-ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে লঞ্চ মালিক সমিতি। পটুয়াখালী নদী বন্দরে সুন্দরবন-৬ লঞ্চের সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে লঞ্চ মালিক সমিতি এই ঘোষণা দেন। গতকাল সকালে এ ঘটনার পর স্টাফরা এ রুটের ৩টি লঞ্চ টার্মিনাল ঘাট থেকে সরিয়ে নদীর অপর পাড়ে নিয়ে নোঙর করে রাখে। গতকাল বিকালে ও সন্ধ্যায় এই ঘাট থেকে ঢাকার উদ্দেশে কোন লঞ্চ ছেড়ে যায়নি। লঞ্চ স্টাফ ও মালিক সমিতিসূত্রে জানা যায়, গতকাল সকালে সুন্দরবন-৬ লঞ্চের সুপারভাইজার মোঃ ইউনুসের ওপর হামলা চালিয়ে মারধর করে ক্ষমতাসীন দলের কতিপয় লোক। ঘাট সুপারভাইজারের টাকা না পাওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা। এ হামলার বিচার ও লঞ্চ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মালিক সমিতির পক্ষ থেকে দুপুরে অনির্দিষ্টকালের জন্য পটুয়াখালী-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান এ রুটের সমন্বয়কারী মালিক সমিতির প্রতিনিধি মোঃ আবুল কালাম খান। তবে মারধরের কথা অস্বীকার করেছেন সুন্দরবন-৫ ও ৬ লঞ্চের পটুয়াখালী ঘাটের কথিত ঐ সুপারভাইজার। পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ঐ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মালিক সমিতির পক্ষ থেকে আবুল কালাম খান মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুলিশ সূত্র জানায়, তারা সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।