ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রবিবার দুপুরে পুকুরে ডুবে আফরিন (০৫) ও আয়েশা (০৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফরিন দুর্গাপুর গ্রামের ফারুকের মেয়ে ও আয়েশা আসাদনগর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা দুর্গাপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আফরিন ও আয়েশা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামলে তারা তলিয়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
