গাড়াদহ ইউনিয়নে খাদ্য নিরাপত্তা কর্মশালা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩১
ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির উদ্যোগে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য নিরাপত্তা’ প্রকল্পের আওতায় শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ইউনিয়ন সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। গাড়াদহ নারী উন্নয়ন ইউনিয়ন এ্যাপেক্স সংগঠনের সেক্রেটারী সাথী বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরীন। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজম, মহিলা ভাইস চেয়াম্যান মৌসুমী সরকার উপজেলা প্রাণী সম্পদ কর্মর্কতা, ডা:আব্দুল হাই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, গাড়াদাহ ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী ডা: শরীফুল ইসলাম। কর্মশালায় জানানো হয় যে, এনডিপি শাহজাদপুর উপজেলায় ২০০৯ইং সালের ১ সেপ্টেম্বর হতে ৭৭ গ্রামে ১৮৭টি দলের মাধ্যমে ৪৩৭০ জন সদস্য নিয়ে কাজ শুরু করে। প্রত্যেক সদস্য এ প্রকল্পটি হতে ব্যবসার জন্য এককালীন ১৪০০০/- টাকা ও মাসিক জীবিকা সহায়ক ভাতা হিসাবে আরও ১৪০০০/- টাকা পায়। এ ছাড়াও তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় আরও জানানো হয়, গাড়াদহ ইউনিয়নে ১৫টি দলের ৩৩৫ জন সদস্য আছে। ১৫টি দল হতে ৩ জন করে সদস্য নিয়ে গাড়াদহ নারী উন্নয়ন এ্যাপেক্স সংগঠন গঠিত হয়েছে। যা মহিলা বিষয়ক অধিদপ্তর হতে রেজিস্ট্রেশনভুক্ত। কর্মশালায় এনডিপি-র কর্মকর্তারা জানান যে, ৩১ ডিসেম্বর ২০১২ ইং তারিখ পর্যন্ত এ প্রকল্প চলবে।