আসছে অতিথি পাখি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে সক্রিয় হয়ে উঠেছে বিষটোপ দিয়ে পাখি শিকারি চক্র। একই অবস্থা বিরাজ করছে বিয়ানীবাজারের মুড়িয়া হাওর এলাকায়। হাকালুকি ও মুড়িয়াতে প্রতি বছরের মত শীত মৌসুমে সাইবেরিয়া, চীনসহ অন্যান্য দেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এসব অতিথি পাখির কলকাকলিতে এখন মুখরিত হয়ে উঠেছে হাওর এলাকার বিলগুলো। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পাখি শিকারি ধানের সাথে বিষ মিশিয়ে বিলের পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে দিয়ে ওত পেতে বসে থাকে। আর এসব বিষাক্ত খাবার খেয়ে শত শত অতিথি পাখি চলনশক্তি হারিয়ে ফেলে। তখন শিকারিরা এ সকল পাখি ধরে বড়লেখা,জুড়ি,খানগো বাজার,বিভিন্ন হাট-বাজারে হোটেল-রেস্তোরাঁ ও বাসা-বাড়িতে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। হাওর এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় একটি সংঘবদ্ধ শিকারি চক্র প্রতিদিন সন্ধ্যার পর থেকে হাকালুকি হাওরের মালাম, জলা, আওরা ও মুড়িয়া হাওরের বড় বিল, ডুম চাতল, আটালি বিলে বিষটোপ দিয়ে শতাধিক পাখি শিকারে নেমে পড়ে।