রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভায় হাতাহাতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায়। ফোরামের সাধারণ সভার এক পর্যায়ে দু’গ্রুপের শিক্ষকদের মধ্যে এ উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকাশ, ফোরামের সভাপতি প্রফেসর ড. আফরাউজ্জামান খান চৌধুরীর সভাপতিত্বে সভা শুরু হলে সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফজলুল হক সভার কার্যবিবরণী তুলে ধরেন। এক পর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন ফ্লোর নিয়ে কথা বললে প্রচার সম্পাদক মাসুদুল হাসান মুক্তা ও মতিয়ার রহমান উত্তেজিত হয়ে তাতে বাধা দেন। এসময় ড. এনামুল হক ও মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে ফোরামের সাধারণ সভা না ডাকাসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। এসময় উভয় গ্রুপের মধ্যে সাধারণ সম্পাদক সমর্থিত মাসুদুল হাসান, মতিয়ার রহমানের সাথে ড. এনামুল, মামুনুর রশিদের উত্তপ্ত বাক্য বিনিময় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।