শেরপুরে সুষম সার ব্যবহারে ফলন বৃদ্ধি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫১
মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার প্রয়োগ করে শেরপুরে আমন ধানের ফলন বেড়েছে একরে ১০ মণ। এক একর জমিতে বিআর-৪৬ জাতের ধান কেবল ইউরিয়া সার ব্যবহার করে ফলন হয়েছে ৪৯ মণ, কিন্তু সুষম সার প্রয়োগ করে একরে ফলন মিলেছে ৫৯ মণ। ‘ধান ফসলের ফলন পার্থক্য কমানো প্রকল্পে’র আওতায় খামারবাড়ীর তত্ত্বাবধানে ঝিনাইগাতী পাইকুড়া গ্রামের কৃষক সামিউল হকের জমিতে এক একরের একটি প্রদর্শনী প্লট করা হয়। সেখানে উচ্চ ফলনশীল জাতীয় ধান চাষ করা হয়। একরে ৫৯ মণ ফলন পাওয়া যায়। অপরদিকে, এ প্রদর্শনী প্লটের পাশেই স্থানীয় আরেক কৃষক তার এক একর জমিতে বিআর-৪৬ জাতের ধান আবাদ করেন। তাবে কোন প্রকার মাটি পরীক্ষা না করে প্রচলিত পদ্ধতিতে কেবলমাত্র ইউরিয়া সার ব্যবহারের মাধ্যমে একরে ফলন মিলেছে ৪৯ মণ। এ উপলক্ষে সোমবার পাইকুড়া গ্রামে এক কৃষক সমাবেশের আয়োজন করা হয়। এতে আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি খাদ্য নিরাপত্তা প্রকল্পের প্রকল্প পরিচালক মতিউজ্জামান লাভলু, কৃষি তথ্য সার্ভিস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আলী, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী প্রমুখ।