সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর সীমান্তে ১২৮৪ নং সীমানা পিলার অতিক্রম করে বাংলাদেশের ৪শ’ গজ অভ্যন্তরের ডিবির হাওর ও কেন্দ্রী বিলে ঢুকে ভারতীয় খাসিয়ারা কয়েক লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশী নাগরিকরা মাছ ধরতে গেলে বিএসএফ বাধা দেয়। এমনকি বাংলাদেশী জেলেদের তাড়িয়ে দিতে তারা দু‘রাউন্ড গুলি করে বলে জেলেরা জানায়। পরে বাংলাদেশীদের মাছ ধরার জালও নিয়ে যায় বিএসএফ। জীবন বাঁচাতে বাংলাদেশীরা দৌড়ে পালিয়ে আসে। উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার ডিবির হাওরের তীরবর্তী বাসিন্দারা আতংকে ছিলেন। গত ১৩ ডিসেম্বর সকাল থেকে ভারতীয় খাসিয়ারা ডিবির হাওর ও কেন্দ্রী বিলে মাছ ধরতে নামে। তখন বাংলাদেশী নাগরিকরাও মাছ ধরতে যায়। তখনই বিএসএফ এসে বাধা দেয় বাংলাদেশীদের এবং তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ভারতীয়রা গুলি করে তাদের উদ্দেশ্যে। স্থানীয় মত্স্যজীবী আবুল হোসেন (২৫), শিপু বিশ্বাস (১৫), মন্তাজ আলী (৫০), প্রবাদ বিশ্বাস (৫০), শ্যামল বিশ্বাস (৪০), বাবুল (৩৫) জানান ভারতীয় খাসিয়ারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সকাল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে দেখে তারাও মাছ ধরতে নামেন। কিন্তু ৪০ জনের বিএসএফের একটি দল এসে তাদেরকে মাছ ধরতে বাধা দেয়। তখন পালিয়ে এসে বিজিবি’র ডিবির হাওরের বিশেষ ক্যাস্প কামান্ডার শফিকুর রহমানকে খবর দেন তারা।
