জাতীয় ক্রিকেট একাডেমী এবং রাজশাহী বিভাগীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান মায়শুকুর রহমানের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি, ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, তার বাবা ও ছোট ভাইকে পুলিশে ধরিয়ে দেয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। বসতবাড়ির জায়গা নিয়ে আদালতে মামলা চলাকালে প্রতিবেশী ইব্রাহীম ও তার স্ত্রী ইসমতর আরা ইভা এসব কর্মকাণ্ড করে এভাবে মানসিকভাবে হয়রানি করছেন। বুধবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মায়শুকুর।
বগুড়া শহরের সান্তাহার রোড নূরানী মোড়ের আব্দুল মান্নানের ছেলে মায়শুকুর রহমান লিখিত বক্তব্যে বলেন, চলতি বছরের ১ ডিসেম্বর ইব্রাহীম মিথ্যা ছুরিকাঘাতের অভিযোগ করে থানায় একটি মামলা দায়ের করেন এবং ওই রাতেই বাসায় পুলিশ ডেকে নিয়ে গিয়ে আমার পিতা ও ছোট ভাইকে পুলিশে ধরিয়ে দেন। ওই মামলায় আমার পিতা গত ১০ ডিসেম্বর জামিন পান। এসব ঘটনা বাসায় ফিরে জানতে পেরে গত ৬ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি জিডি করলেও থানা পুলিশ সে জিডির কোন নম্বর দেননি। শুধু জমা নিয়েছেন।
