কুলাউড়ায় স্বাধীনতা সৌধের উদ্বোধন ১৬ ডিসেম্বর
কুলাউড়া সংবাদদাতা\ কুলাউড়া শহরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠে দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা সৌধের নির্মাণ কাজ সমাপ্তির পথে। আগামীকাল রবিরার (১৬ ডিসেম্বর) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত স্বাধীনতা সৌধের উদ্বোধন করা হবে। ২০১০ সালে এই স্বাধীনতা সৌধের নির্মাণ কাজের পরিকল্পনা গ্রহণ করেন এলাকার সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাছ খান। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য “শহর সৌন্দর্য বৃদ্ধি প্রকল্প” নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৭০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান চৌধুরী।
দেওয়ানগঞ্জে শীতবস্ত্র বিতরণ
জামালপুর প্রতিনিধি \ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বিকালে পৌরসভা মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বদিউর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক, পৌর মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ। পরে হতদরিদ্রদের মাঝে ২০টি সেলাই মেশিন ও ৩৩৩টি কম্বলসহ ৫৪৫টি শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাদারীপুরে কর্মজীবী মায়েদের মধ্যে কার্ড বিতরণ
মাদারীপুর প্রতিনিধি\ মহিলা বিষয়ক অধিদপ্তর শুক্রবার মাদারীপুরের কর্মজীবী ল্যাকটেটিং মাদারদের মধ্যে এক হাজার পঞ্চাশটি কার্ড বিতরণ করে। স্থানীয় স্বাধীনতা অঙ্গনে জেলা প্রশাসক নূর-উর-রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান উপকারভোগীদের মধ্যে এ কার্ড বিতরণ করেন।
মিঠাপুকুরে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ গতকাল সিসিডিবি মিঠাপুকুর ইউনিট অফিস উপজেলার আদিবাসীদের ৪৫টি ফোরাম সদস্য/সদস্যার মাঝে ২’শ ৫০টি শীতবস্ত্র বিতরণ করেছে। খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) মিঠাপুকুর ইউনিট অফিসের উদ্যোগে শীতার্ত আদিবাসীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণে উপস্থিত ছিলেন মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সম্পাদক ও ইউপি সদস্য মাদ্রা তিগ্যা, সিসিডিবি ইউনিট ম্যানেজার পাত্রাস মূর্মূ, আদিবাসী নেটওয়ার্ক সভাপতি মোহন লাল কুজুর, সম্পাদক গোলাপ বাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকবৃন্দ।
উখিয়ায় মাদ্রাসা ছাত্র ১৫ দিন ধরে নিখোঁজ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের উখিয়ায় এক মাদ্রাসার ছাত্র গত ১৫ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কুতুপালং গ্রামের নিখোঁজ ছাত্র মো. জুবাইরের (১২) পিতা- মো. সোবহান জানান, সে নিকটস্থ খালেদ বিন অলিদ মাদ্রাসার প্রথম শ্রেণির মেধাবী ছাত্র। গত ১৫দিন আগে প্রতিদিনের মত মাদ্রাসায় গিয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
লালমনিরহাটে কম্বল বিতরণ
লালমনিরহাট প্রতিনিধি \ লালমনিরহাটে শীতার্ত মানুষের মাঝে শুক্রবার রোটারী ক্লাব অব লালমনিরহাটের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন রোটারী ক্লাব সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, রোটারীয়ান আব্দুস সালাম বকুল, আমিরুল হায়াত মুকুল, হাবিবুর রহমান, এ্যাডঃ সামসুল হক, সহিদার রহমান।
ভালুকায় বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু
ভালুকা সংবাদদাতা\ ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি ২-এর ২২০ ভোল্টের লাইন থেকে অবৈধভাবে লাইন স্থাপনকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামে। মামারিশপুর গ্রামের সুলতান বেপারীর পুত্র সেলিম মিয়া (৪৫) মামারিশপুর বাজার এলাকার ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি ২-এর সঞ্চালন লাইন থেকে বিদ্যুত্ সংযোগ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মহেশখালীতে শহীদ মিনার নির্মাণ
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ মহেশখালীতে কেন্দ ীয় উন্নতমানের কোন শহীদ মিনার ছিল না। ২০১২ সালে কক্সবাজার জেলা পরিষদের ৩ লাখ টাকার অনুদান ও উপজেলা পরিষদ ও ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্মুখে নির্মিত হয়েছে শহীদ মিনার।
সারিয়াকান্দিতে চিকিত্সার চেক প্রদান
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ গতকাল শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সামিতির সারিয়াকান্দি শাখার সাধারণ সভা সারিয়াকান্দি পালিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবু তৈয়ব মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন।
শ্যামনগরে মতবিনিময় সভা
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ আইন ও সালিশ কেন্দ (আসক) ঢাকা এবং সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায়, অগ্রগতি সংস্থার আয়োজনে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের পরিচালনায় গৃহকর্মরত শিশুদের জরীপকৃত তথ্যের বিষয় শ্যামনগরে সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়। বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীতে মতবিনিময় সভায় ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান জিএম লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন, শ্যামনগরে কর্তব্যরত সাংবাদিকরা।
নেত্রকোনায় গুণীজন সংবর্ধনা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বরেণ্য কবি ও সাংবাদিক কবি আল-আজাদকে শনিবার ঋতম্ভরের পক্ষ হতে গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে। নেত্রকোনার অজহর রোডে উদীচীর কার্যালয়ে সংবর্ধনায় প্রধান অতিথি থাকবেন দেশের বরেণ্য সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার এবং বিশেষ অতিথি আর এক বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। সভাপতিত্বে করবেন কবি খালেদ মতিন।
সেনবাগ স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
সেনবাগ সংবাদদাতা \ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর শাখার নতুন আহবায়ক কমিটি গতকাল শুক্রবার গঠন করা হয়েছে। সেনবাগ উপজেলা শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন মো: আহসান হাবিব ভূঁইয়া ও যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন মো: আবুল কালাম। সেনবাগ পৌর কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন- মোহা: সোয়ায়েব হোসেন ও যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন- সাহিদ হোসেন সাহেদ।
মেহেরপুর রোভার স্কাউটের আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা রোভার স্কাউটের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা হয়। জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, জেলা রোভারের সম্পাদক আনোয়ার হোসেন।
কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী মানববন্ধন
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা মোড়ে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএসএম বাসু।
ধনবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে সভা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ শিক্ষার মান উন্নয়ন, ইভ টিজিং বন্ধ এবং জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু, জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, মীর আশরাফ হোসেন ও মেহেরন্নেছা প্রমুখ।
মহাদেবপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুরে বৃহস্পতিবার ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিবরামপুরসহ আশপাশের গ্রামগুলোতে বিরাজ করছে সাজসাজ রব। প্রতিযোগিতায় মহাদেবপুর, মান্দা, নিয়ামতপুর ও নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলার সৌখিন ঘোড়া মালিকরা তাদের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন। এতে শিবরামপুর গ্রামের মেঝ হোসেনের ঘোড়া প্রথম স্থান ও মান্দা উপজেলার গোয়াল মান্দা গ্রামের বাবুল হোসেনের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে।
রহনপুরে ব্র্যাকের মতবিনিময় সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পৌরসভা সম্মেলনে কক্ষে পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা প্রতিনিধি ডিএম মোতারফ হোসেন।
বেলকুচিতে বার’র বিয়ে ১২তেই
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে বার’র বিয়ে ১২ তেই হলো। বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের মৃত শান্তাহার আলী প্রামাণিকের ১২তম পুত্র ওবায়দুল ইসলাম বার ১২/১২/১২ তে বিয়ে করে এলাকায় আলোড়ন তুলেছেন। একই এলাকার মেনহাজ আলী প্রামাণিকের কন্যা রানী খাতুনের সাথে ২ লক্ষ ১২ হাজার ১২টা দেনমোহরে বিয়ে হয়। এ বিয়েতে ১১২ জন বরযাত্রী ও কনের বাড়িতে ১২ প্রকার ভোজনের আয়োজনও করা হয়। এই ১২’র সাথে সামঞ্জস্য রেখে আমন্ত্রিত অতিথিরাও ১২টি করে উপহার সামগ্রী আনেন। বিয়ের পরে বর ও কনেকে বাসর ঘরে নেয়া হয় রাত ১২টায়।
দুমকীতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন
দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মো:শাহজাহান মিয়া এম.পি শুক্রবার দুমকীর জনতা কলেজে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ ও জনতা কলেজ অধ্যক্ষ মাজেদা বেগমসহ শিক্ষক /শিক্ষিকাবৃন্দ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন।
