ভান্ডারিয়ায় প্রতিপক্ষের ছোঁড়া দাহ্য পদার্থে গৃহবধূ অগ্নিদগ্ধ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:০৮
উপজেলার চিংগুড়িয়া ভিটাবাড়ীয়া গ্রামের আজমল খানের স্ত্রী সুমী আক্তারকে (২৪) বৃহস্পতিবার প্রতিপক্ষ দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সুমী রান্না ঘরে কাজ করার সময় কে বা কারা তার শরীরে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এ সময় তার সমস্ত শরীর আগুনে পুড়ে ঝলসে যায়। তাত্ক্ষণিকভাবে তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিত্সার পর বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ভান্ডারিয়া হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইখতিয়ার আহসান জানান, তার সমস্ত শরীর আগুনে ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক আ. হক জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার সাবেক স্বামী অথবা বর্তমান স্বামী দুজনার যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।