ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে ইকবাল আজাদ হত্যাকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে। উপজেলা সদরসহ জেলার বিভিন্ন স্থানে অভিযুক্ত ৬ জনের ছবিসহ পোস্টার গত কয়েকদিন ধরে সাঁটানো হচ্ছে। প্রচারে সরাইল উপজেলাবাসী লিখে ওই পোস্টারে ছয় আসামিকে ধরিয়ে দিতে মোট ১২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এই ৬ জন হলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আলী।
এছাড়া অপর এক পোস্টারে অভিযুক্ত আরো কয়েক ঘাতকের ছবি ছাপা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট জয়নাল উদ্দিন জানান, ইকবাল আজাদ খুনের ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের ধরতে পারেনি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার উদ্দেশ্যেই পুরস্কার ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর দলীয় সন্ত্রাসীদের হাতে খুন হন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে ইকবাল আজাদ।
