সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ মনে করে গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। আর নির্বাচনের বিকল্প নির্বাচনই। তাই আওয়ামী লীগ অনির্বাচিত কোন সরকারের কাছে কখনো ক্ষমতা হস্তান্তর করবে না। আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার শুধু দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করবে। নির্বাচন পরিচালনায় তাদের কোন ক্ষমতা থাকবে না। তিনি বলেন, জামায়াত পাকিস্তানি আদর্শের ধারক-বাহক। তারা ১৯৭১-এর এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগিতায় দেশের কৃতী সন্তানদের হত্যা করে। একাত্তরের ঘাতক জামায়াতের বিচার শুরু হয়েছে। আওয়ামী লীগ এদের বিচার করেই ছাড়বে। যারা তাদের বাঁচাতে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করছে, জনগণ তাদের আগামী নির্বাচনে সমূলে শিক্ষা দিবে।
মোহাম্মদ নাসিম শুক্রবার বিকালে পাবনার সাঁথিয়া পৌর মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন দেলোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রবিউল করিম হিরু।
