শিরোপা দৌড়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড গত রবিবারের ডার্বি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে। সঙ্গত কারণেই বেশ আত্মবিশ্বাসী হয়েই আজ শনিবার ইংলিশ লিগে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ১৭তম ম্যাচ খেলতে নামছে ম্যান ইউ। অন্যদিকে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। একইদিনে আরেক বড় ক্লাব লিভারপুল লড়বে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
নিজেদের ১২তম ম্যাচে নরউইচ সিটির কাছে ১-০ গোলে হেরেছিল গত আসরের রানার্স-আপ ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর পয়েন্ট হারাতে হয়নি স্যার অ্যালেক্স ফার্গুসনের দলটি। পরের চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট যোগ করে টেবিলের শীর্ষস্থানটা এককভাবে দখল করে নেয় শিরোপা পুনরুদ্ধারে প্রয়াসী ম্যান ইউ। এ চারটি জয়ের মধ্যে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাওয়া জয়টিই যে সবচেয়ে বেশি আনন্দদায়ক ছিল তা বলার অপেক্ষা রাখে না।
মিডফিল্ডার রায়ান গিগসও তাই বলেন। তার মতে, ‘ম্যান সিটির বিপক্ষে জয়টা খুবই ভালো ছিল। ক্রিসমাসের সময়ে আমাদের বেশ কিছু ম্যাচ আছে। ওই সময়ে ভালো খেলার জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে জয়টি। ম্যান সিটির বিপক্ষে বেশ কষ্ট করেই জয় পেতে হয়েছে আমাদের। তবে সবচেয়ে বড় দিক হল— দারুণ এক সময় পার করছে দল। চেলসি, নিউক্যাসল ও সিটির বিপক্ষে তিনটি দারুণ জয় তুলে নিয়েছি আমরা। তিনটি দলই বেশ শক্তিশালী ছিল।’
বর্তমানে দারুণ ফর্মের থাকার কারণে ১৬ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইউ। অপরদিকে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। কোচ রবার্তো মানচিনির দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ইংলিশ লিগেও শেষ দুই খেলায় কেবল এক পয়েন্ট পায়। নিজেদের মাটিতে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করার পর ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারে দলটি। ইনজুরি সময়ে গোল হজমের কারণে হেরে পিছিয়ে পড়া ম্যান সিটি ১৬ খেলায় ৩৩ পয়েন্ট পেয়ে আছে দ্বিতীয়স্থানে। বর্তমান চ্যাম্পিয়নরা এখন ম্যান ইউ’র চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে। পয়েন্টের দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়লেও শিরোপা জয়ের সম্ভাবনা এখনো আছে বলে মনে করেন ম্যান সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। তিনি বলেন, ‘আমি জানি না ওই ম্যাচে হারের পর আত্মবিশ্বাসে কোন চিড় ধরেছে কি-না। তবে এই হারে কোন সমস্যা না হওয়াই স্বাভাবিক। আমরা হেরেছি এটা ঠিক, তবে আমাদের এখন লক্ষ্য পরবর্তী ম্যাচের দিকে। সুন্দর ফুটবল সবসময়ই চ্যালেঞ্জের। তবে পরের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ম্যাচটি জিততে চাই। ’
এদিকে লিগে লিভারপুলের শুরুটা খারাপ হলেও, ধীরে ধীরে নিজেদের ফিরে পাচ্ছে অলরেডসরা। স্টিভেন জেরার্ডের দলটি অবশ্য শিরোপা লড়াইয়ে নেই। লিভারপুল ১৬ খেলায় ২২ পয়েন্ট পেয়ে বর্তমানে দশম স্থানে রয়েছে। অন্যদিকে সমানসংখ্যক খেলায় ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। লিগ শেষ হতে এখনো অনেক বাকি থাকলেও রেলিগেশনের শংকাটা বেশ ভালোই চোখ রাঙ্গাচ্ছে তাদের। বাসস
