পুঁজিবাজারে শক্তিশালী ও কার্যকর বন্ড মার্কেট চালুর সুপারিশ
ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বেসরকারি খাতের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে। আমরা যেকোনো ধরনের অর্থায়নের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর অতিমাত্রায় নির্ভরশীল, কিন্তু দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যাংক যথোপযুক্ত উত্স নয়। দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে বিদ্যমান এ সমস্যা সমাধানের লক্ষ্যে অতীতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হলেও সেগুলো সাফল্য নিয়ে আসতে পারেনি। এ জন্য তিনি পুঁজিবাজারে শক্তিশালী ও কার্যকর বন্ড মার্কেট চালু করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, এর মাধ্যমে অবকাঠামো খাতের পাশাপাশি অন্যান্য শিল্প খাতে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা সম্ভব হবে। পুঁজিবাজারের সূচকের উঠা-নামা স্বাভাবিক একটি ধর্ম। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতিশীল বন্ড মার্কেট বিকাশের জন্য আমাদের পুঁজিবাজারকে অবশ্যই কার্যকর রাখতে হবে। বর্তমানে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি। আমাদের বেসরকারি খাতকে এ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি অবকাঠামো উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘গ্যারান্টকো’ যৌথভাবে আয়োজিত স্থানীয় পুঁজিবাজার অবকাঠামো অর্থায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি) এর চেয়ারম্যান অ্যান্ড্রু বেইনব্রিজ সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা চেম্বারের সভাপতি ওসামা তাসীর বলেন, দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন অবকাঠামোর সময়োপযোগী উন্নয়ন। আর এ কারণেই বেসরকারি খাতকে অবকাঠামো উন্নয়নের সঙ্গে যথার্থভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। ঢাকা চেম্বার মনে করে, ২০৩০ সালের মধ্যে অবকাঠামো খাতের উন্নয়নের জন্য এ খাতে ৩২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রয়োজন। এজন্য সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করা প্রয়োজন। বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নের জন্য ব্যাংক খাত যথোপযুক্ত উত্স নয় বরং পুঁজিবাজার, বন্ড মার্কেট, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং পেনশন ফান্ডের মতো বিবিধ উত্স এ ক্ষেত্রে মুখ্য চালিকাশক্তির ভূমিকা পালন করতে সক্ষম। অনুষ্ঠানে বাংলাদেশ বন্ড মার্কেট বিষয়ক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ২০৪০ সালের মধ্যে অবকাঠামোর উন্নয়নের জন্য বাংলাদেশের ৬০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন। পানি, জ্বালানি, টেলিযোগাযোগ, নদীবন্দর, বিমানবন্দর, রেল ও সড়কপথের অবকাঠামো উন্নয়নের জন্য এ অর্থ প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থের মধ্যে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করা গেলেও বাকি ২০০ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি থেকেই যাচ্ছে।
