সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২২:২৭
সিরাজগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড়ে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের উপরে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঘুরপথে সিরাজগঞ্জ শহর হয়ে সকল প্রকার যানবাহন চলাচল করছে। এদিকে সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর বাজারের কাছে ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী সাটিকাবাড়ি গ্রামের তাঁত শ্রমিক বাবুল ও সোহেল ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়াও সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নান নগরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী শ্যামলী পরিবহনের বাসের চাপায় কাকলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে।