‘যুক্তির সৌন্দর্য্যে সেবা হোক আলোকিত’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে দু’দিনব্যাপী জাতীয় মেডিক্যাল কলেজ বিতর্ক উত্সব শুরু হয়েছে। বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ (এনডিএফ) ও ময়মনসিংহ মেডিক্যাল ডিবেটিং সোসাইটি যৌথভাবে এ জাতীয় বিতর্ক উত্সবের আয়োজন করে। আয়োজকদের পাশাপাশি উত্সবে মিডিয়া পার্টনার সহযোগিতা করছে দৈনিক ইত্তেফাক।
গতকাল শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালি ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি বলেন, বিতর্কের জাতীয় প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা ও উত্সব ব্যক্তি ও কর্মজীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মো:মোস্তফা কামাল, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে একটি কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের উত্সবে দেশের সরকারি-বেসরকারি ৭৫টি মেডিক্যাল কলেজ থেকে তার্কিকরা এসেছেন। দু’দিনব্যাপী এ আয়োজনে থাকছে বিতর্ক প্রতিযোগিতা, মডেল বিতর্ক, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা। উত্সবে দেশের একমাত্র যুদ্ধাহত চিকিত্সক মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম. আমজাদ হোসেনকে আজীবন সম্মাননা দেয়া হয়। আজ শনিবার চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
