ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এককর্মীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভর্তি করানো নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল শুক্রবার বিকালে ট্রেজারারের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছে ছাত্রলীগ। পরিস্থিতি সামাল দিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অপেক্ষমাণ তালিকা হতে ছাত্রলীগের একজন কর্মীকে ভর্তি করতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সৈয়দ নূর-ই-রাকিব বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশারের কাছে যান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডিন ভর্তির অনুমতি দিতে অস্বীকৃতি জানান। ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকিব ওই শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে তাকে ভর্তি করানোর জন্য জোর চাপ দিতে থাকে। কিন্তু ‘ভর্তির বেলায় ছাত্রলীগ বলে কোন শব্দ নেই’— ট্রেজারার এমন কথা বললে কর্মীরা ক্ষুব্ধ হয়। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিনের মাধ্যমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ূন কবীর প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ১৩ ডিসেম্বর ঐ শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার বলেন, প্রয়োজনীয় সনদ ছাড়া ছাত্রলীগের এক নেতা একজন শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দিতে বললে আমি তাতে অসম্মতি জানাই। এতে ছাত্রলীগ ক্ষুব্ধ হয়। তারপর সে কিভাবে ভর্তি হয়েছে আমি জানি না। উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ গিয়াসউদ্দিন জানান, ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে তাকে ভর্তির অনুমতি দেয়া যাবে না।
কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাকিব বলেন, আমাদের এক শিক্ষার্থীর প্রয়োজনীয় সব কাগজ না থাকায় আমি তাকে নিয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার স্যারের রুমে গিয়ে কাগজপত্র পরে এনে দিবে বলে ছেলেটির ভর্তির জন্য স্যারকে সময় দিতে অনুরোধ করি। এ সময় আমি আমার পরিচয় ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ভর্তির ক্ষেত্রে ছাত্রলীগ বলে কোন শব্দ নেই বলে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অনুমতি দেয়া যাবে না বলে জানিয়ে দেন। কিন্তু পরে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সেই শিক্ষার্থী ভর্তিও হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান রনি বলেন, ট্রেজারার ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করায় এর প্রতিবাদে আমরা গতকাল তার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। ট্রেজারার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
