শালিখায় সম্বর্ধনা কমিটিতে রাজাকারের নাম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪১
বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপ-কমিটিতে পাকিস্তান হানাদার বাহিনীর দোষর রাজাকার আলবদর বাহিনীর দু’জন সক্রিয় সদস্যের নাম থাকায় উপজেলার অধিকাংশ মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন। ঐ দু’জন হলেন, তালখড়ি ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ও শালিখা ইউপি চেয়ারম্যান রেজাউল আলম। ’৭১ সালে হাফিজুর রহমান আলবদর বাহিনী এবং রেজাউল আলম রাজাকার বাহিনীর সক্রিয় সহযোগী হিসাবে এলাকায় ব্যাপকভাবে চিহ্নিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার জানান, আমি অল্প কয়েকদিন হল এখানে যোগদান করেছি। সবার সম্পর্কে আমার ধারণা নেই। বিতর্কিত দু’জনের নাম গত কমিটিতে ছিল বলে নাম দিয়েছি। সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও অন্য যারা ছিলেন তারা আমাকে ঐ দু’ব্যক্তি সম্পর্কে কিছুই বলেননি। ইতিমধ্যে রেজুলেশন হয়ে গেছে। আমি জানলাম আগামীতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।