সেনবাগে স্মৃতিসৌধের নির্মাণ চার বছরেও শেষ হয়নি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪২
অর্থের অভাবে দীর্ঘ চার বছরেও নোয়াখালীর সেনবাগ উপজেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়নি। দীর্ঘদিনেও স্মৃতিসৌধ নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখানকার স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে গত ২০০৮ সালে উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে গণমিলনায়তনের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের আর্থিক অনুদানে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের প্রাথমিকভাবে অনেককাজ সম্পন্ন হয়। পরবর্তীতে অর্থের অভাবে স্মৃতিসৌধের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না করেই ওই বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনই এটি উদ্বোধন করেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন বীরপ্রতীক। এ ব্যাপারে সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এসএম আবদুল ওহাব চরম ক্ষোভ প্রকাশ করে গতকাল ইত্তেফাককে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটির নির্মাণ কাজ শুরুর পর প্রথমে অনেকে আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে তাদের কয়েকজন আর আর্থিক অনুদান দেননি। এ ব্যাপারে ইউএনও গতকাল ইত্তেফাককে বলেন, স্মৃতিসৌধের অসমাপ্ত কাজ সম্পন্নে জেলা পরিষদ থেকে ইতিমধ্যে দরপত্র আহবান করা হয়েছে। কিন্তু ঠিকাদার এখনও কাজটি করেনি। এ নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন।