কাউখালীতে শ্রমিক দল নেতা মীর মিরাজ গুলিবিদ্ধ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
পিরোজপুরের কাউখালীতে শ্রমিক দল নেতা ও ইউপি সদস্য মীর মনির হোসেন মিরাজকে (৩৮) সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। শুক্রবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে দাসেরকাঠি গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। মাথায় তিনটি গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে বরিশাল শেরে বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। গুলিবিদ্ধ মীর মিরাজ কাউখালী উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশ খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল হতে পিস্তলের ৪টি গুলির খোসা, একজোড়া স্যান্ডেল ও একটি জ্যাকেট উদ্ধার করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ সন্ত্রাসী হামলার ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসি একটি বিক্ষোভ মিছিল করে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায়।