ঠাকুরগাঁওয়ে আটক দু’জনকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
ঠাকুরগাঁও সীমান্ত থেকে বিএসএফ দুই বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে। শুক্রবার রাতে দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্রে জানা গেছে, জেলার হরিপুর উপজেলার কারীগাঁও সীমান্তের ভারত অংশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মনতাজ আলী (১৯) ও সফিকুল ইসলাম (১৮) নামে দুই বাংলাদেশিকে বিএসএফ আটক করে। শুক্রবার বিকেল ৫টায় কারীগাঁও সীমান্তের ৩৫৪/৫ এস পিলার এলাকায় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। আটকদের বাড়ি জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও ও সন্ধ্যারাই গ্রামে। কারীগাঁও বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি আটকের খবর পেয়ে কারীগাঁও বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে পত্র দেয়া হয় বিএসএফকে। পরে রাত পৌনে ৮টার দিকে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন নায়েক সুবেদার আব্দুল ওহাব, বিএসএফের পক্ষে ছিলেন পরিদর্শক বিন্দুচল প্রসাদ। বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।