পুরানো ঢাকার স্কুলগুলোর প্রতি নজর দিন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
স্কুল হলো মানুষ তৈরির কারখানা। স্কুলগুলো থেকেই বেরিয়ে আসে ভবিষ্যতের জাতির কাণ্ডারি। কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ্রতিষ্ঠানগুলো দিনদিন পিছিয়ে পড়ছে। আবার শহরের স্কুলগুলো ক্রমাগতভাবে ভালো করেই চলেছে। ফলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এক ধরনের বৈষম্য সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। কালের নির্মম পরিহাসে পুরানো ঢাকার অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ পিছিয়ে পড়ছে। একসময় পোগোজ স্কুল, ইসলামিয়া সরকারি মুসলিম হাইস্কুল, মুসলিম গভর্নমেন্ট হাইস্কুল, কলেজিয়েট স্কুল, কে এম জুবলি স্কুল, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাইস্কুলের সুনাম ছিল দেশব্যাপী। কিন্তু নতুন ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চাপে পুরানো ঢাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন হারিয়ে যেতে বসেছে। বর্তমান যুগের অনেক শিক্ষার্থীই এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পর্যন্ত শোনেনি। অথচ এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেখাপড়া করা শিক্ষার্থীদের অনেকেই এখন রাজনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। অভিজ্ঞ শিক্ষকের অভাব, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান না করা, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় দুর্বলতা, ফলাফল ভালো করতে না পারা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোর অভাব, যাতায়াত সমস্যা এবং মেধাবী শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়াসহ আনুষঙ্গিক বিভিন্ন কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মান দিনদিন নিম্ন থেকে নিম্নতর হচ্ছে। তাই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকারের বিশেষ নজর প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পুরানো ঢাকার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুত্ না থাকলে পাঠদান করা সম্ভব হয় না। তাই অন্তত স্কুল পিরিয়ডে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা ঠিকভাবে হচ্ছে কিনা তা জানার জন্য পর্যাপ্ত মনিটরিং-এর ব্যবস্থা করতে হবে। মো. মেফতাউল ইসলাম, চতুর্থ বর্ষ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।