সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ রাস্তা বর্ধিত করার জন্য সড়কের পাশের গাছ কাটার সরকারি সিদ্ধান্ত বৃক্ষ-প্রকৃতি-পরিবেশপ্রেমী সবাই উদ্বিগ্ন। এ উদ্বেগের কারণ হচ্ছে মাত্র কিছুদিন আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য দাউদকান্দি-কুমিল্লা অংশসহ রাস্তার দক্ষিণ বা ডান পাশের হাজার হাজার গাছ কাটা হয়েছে। মহাসড়ক বর্ধিত করার প্রয়োজনে গাছ কাটার মহোত্সবটি দুঃখ-ভারাক্রান্ত মনে নীরবে সহ্য করেছিলাম। কিন্তু পরে দেখা গেলো পরিকল্পনা পরিবর্তন হয়ে যেখান দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সেখানে এত বিপুল পরিমাণ গাছ কাটার কোনো প্রয়োজনই ছিল না। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এ ধরনের কার্যক্রম মোটেই গ্রহণযোগ্য নয়। অদূরদর্শী ও বাস্তব চিন্তা-ভাবনা না করেই এ ধরনের সিদ্ধান্ত যে ভালো ফল বয়ে আনে না তার জ্বলন্ত প্রমাণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন। ঢাকা-ময়মনসিংহ সড়কেও যেন এর পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন রইলো।
মমিন সরকার,
কলাবাগান, ধানমন্ডি, ঢাকা।
