ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপি নেতারা ভোটে নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার সকালে বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে। কিন্তু কেন তাদের সংসদে যেতে বাধা দেওয়া হচ্ছে? নৈতিক দায়িত্ববোধ থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নির্বাচিত বাকি এমপিরাও অচিরেই শপথ নিয়ে সংসদে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হানিফ বলেন, সারাবিশ্ব আজ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে আক্রান্ত। বাংলাদেশের বর্তমান সরকার কঠোর অবস্থানে বলেই সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
