মেয়র আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে বিজয় শোভাযাত্রা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:১৮
যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নেতৃত্বে শনিবার বিকেলে শহরে বিশাল শোভাযাত্রা বের হয়। হাজার হাজার জনতার এ মিছিল থেকে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে এ বিজয়ের মাসের মধ্যেই অন্তত একটি বিচারের রায় প্রত্যাশা করা হয়। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আয়োজিত এই বিজয় শোভাযাত্রার আগে শহরের মন্ডলপাড়ায় এক সমাবেশে আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সুতরাং এ জেলাতে যুদ্ধাপরাধী ও রাজাকারদের আস্তানা থাকতে পারবে না। এ জেলা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ঘাঁটি। এখানে জামায়াত ও শিবিরের আস্তানা কোনভাবেই রাখা হবে না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেই জামায়াত ও শিবিরের লোকজন এবং এজেন্ট ঢুকে গেছে। তারা দলের মধ্যে ঘাপটি মেরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা জামায়াত শিবিরের কালিমা লেপনের চেষ্টা চলছে আমাদের উপর। কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করে কঠোরভাবে প্রতিহত করবো। আইভী বলেন, আবারো গণহত্যার পরিকল্পনা চলছে। এ কারণেই এখন সময় এসেছে জামায়াত-শিবিরকে রুখে দাঁড়াতে। এখন কোন ধরনের বিভেদ রাখা চলবে না। তিনি বলেন, বিজয়ের মাসেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন মাহমুদ, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী রেজা উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত।