রাজশাহীতে চার বীর প্রতীকসহ তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:২৩
মহান বিজয় দিবস ২০১২ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার সকালে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে রাজশাহীর চারজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুু, নূর হামিম রিজভী, সাঈদ খান ও অধ্যাপক শামসুল আলমসহ তিন শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। রাজশাহীর জেলা প্রশাসক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে নগরভবন গ্রীনপ্লাজায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার এসএম মনির উজ জামান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রাসিকের সাবেক মেয়র দুরুল হুদা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি রাসিক মেয়র নগরীর সকল মুক্তিযোদ্ধার বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দেন। তিনি বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন হবে ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধাদের কৃতিত্বকে স্মরণে রাখার জন্য রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও চত্বরের নামকরণের কাজ এগিয়ে চলেছে।